রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

১১৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন রাবাদা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৩, ২০২৫, ০৯:৪১ এএম

১১৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন রাবাদা

ছবি- সংগৃহীত

রাওয়ালপিন্ডি টেস্টে বল হাতে নয়, ব্যাট হাতে ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার স্পিডস্টার কাগিসো রাবাদা। ১১ নম্বরে ব্যাট করতে নেমে তিনি এমন এক কীর্তি গড়লেন, যা দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১১৯ বছরেও কেউ করতে পারেনি। চারটি চার ও চারটি ছক্কার সাহায্যে ৭১ রানের এক বিস্ফোরক ইনিংস খেলে তিনি প্রোটিয়াদের ইতিহাসে ১১ নম্বর ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের মালিক হলেন।

এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন আলবার্ট ভগলার, যিনি ১৯০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৬২ রান করেছিলেন। রাবাদা প্রায় এক শতাব্দীরও বেশি পুরোনো সেই রেকর্ড ভেঙে দিলেন পাকিস্তানের মাটিতে।

রাবাদা যখন ক্রিজে আসেন, তখন দক্ষিণ আফ্রিকা ৩৩৩ রানের জবাবে মিডল অর্ডার ধসে বিপাকে পড়েছিল। কিন্তু সেঞ্চুরির পথে থাকা সেনুরান মুথুসামির সঙ্গে জুটি বেঁধে রাবাদা ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তারা দুজন ১১৭ বলে ৯৮ রানের এক অমূল্য জুটি গড়েন, যা দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ৭১ রানের গুরুত্বপূর্ণ লিড এনে দেয়।

রাবাদার ৭১ রানের এই ইনিংসটি শুধু দক্ষিণ আফ্রিকার ইতিহাসেই নয়, টেস্ট ক্রিকেটের ইতিহাসেও ১১ নম্বর ব্যাটার হিসেবে পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তার এই ইনিংসে ভর করেই দক্ষিণ আফ্রিকা এখন রাওয়ালপিন্ডি টেস্টে জয়ের স্বপ্ন দেখছে।