সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিগ ব্যাশে ফিরছেন ৭ পাকিস্তানি তারকা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৪, ২০২৫, ০৪:১৮ পিএম

বিগ ব্যাশে ফিরছেন ৭ পাকিস্তানি তারকা

ছবি - সংগৃহীত

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে (বিবিএল) পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়ে অবস্থান পরিবর্তন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংস্থাটি তাদের শীর্ষস্থানীয় সাতজন খেলোয়াড়কে বিবিএল সিজন ১৫-তে অংশ নেওয়ার জন্য অনাপত্তিপত্র (এনওসি) প্রদান করেছে। এই টুর্নামেন্টটি ২০২৫ সালের ১৪ ডিসেম্বর শুরু হয়ে ২০২৬ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পিসিবির এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ কয়েক সপ্তাহ আগেই বোর্ড বিদেশি লিগে খেলোয়াড়দের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।পাকিস্তানি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, যে সাতজন তারকা খেলোয়াড়কে ছাড়পত্র দেওয়া হয়েছে, তাদের মধ্যে বাবর আজম, শাহীন আফ্রিদি এবং মোহাম্মদ রিজওয়ানের মতো বড় নাম রয়েছে।

এই তালিকার অন্য খেলোয়াড়রা হলেন পেসার হারিস রউফ, অলরাউন্ডার শাদাব খান, পেসার হাসান আলি এবং হাসান খান। এই খেলোয়াড়রা পাকিস্তান জাতীয় দলের নিয়মিত সদস্য এবং বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতে তাদের ব্যাপক চাহিদা রয়েছে। পিসিবির পক্ষ থেকে এই সিদ্ধান্তের ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং সংশ্লিষ্ট খেলোয়াড়দের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

এর আগে পিসিবি আকস্মিকভাবে সব ধরনের আন্তর্জাতিক লিগের জন্য খেলোয়াড়দের এনওসি প্রদান স্থগিত করার ঘোষণা দেয়। তখন বোর্ড জানিয়েছিল যে, তারা বিদেশি লিগে অংশগ্রহণের বিষয়ে তাদের নীতি পর্যালোচনা করছে। এই পর্যালোচনার পরেই নতুন সিদ্ধান্ত এলো। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে, যেসব খেলোয়াড় ইতিমধ্যেই বিভিন্ন লিগের সাথে চুক্তি সম্পন্ন করেছেন এবং যাদের অনুমোদন প্রক্রিয়াধীন ছিল, তারা বিবিএল সিজন ১৫-তে অংশ নিতে পারবেন। এই পদক্ষেপের ফলে বাবর-শাহীনদের মতো তারকাদের বিগ ব্যাশের মঞ্চে আবার দেখার সুযোগ পাবে ক্রিকেট বিশ্ব।