সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নারী বিশ্বকাপের সেমিফাইনালের চার দল নিশ্চিত

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৪, ২০২৫, ০৪:৫৪ পিএম

নারী বিশ্বকাপের সেমিফাইনালের চার দল নিশ্চিত

ছবি - সংগৃহীত

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। আসরের শেষ ও চতুর্থ দল হিসেবে জায়গা করে নিয়েছে ভারত। নবি মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত বাঁচা-মরার লড়াইয়ে স্বাগতিক নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ভারতীয় নারী ক্রিকেট দল। ভারতের আগে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল অপরাজিত অস্ট্রেলিয়া, শক্তিশালী ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।

নিউজিল্যান্ডের বিপক্ষে এই জয়ের ফলে ভারতের মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৬ পয়েন্ট, যেখানে তারা তিনটি ম্যাচে জয় ও তিনটিতে পরাজিত হয়েছে। টুর্নামেন্টের সমীকরণ অনুযায়ী, নিউজিল্যান্ড বা শ্রীলঙ্কা তাদের শেষ ম্যাচে জিতলেও পয়েন্ট সমান হওয়ার সম্ভাবনা ছিল। তবে বেশি জয় বা অগ্রাধিকারের ভিত্তিতে ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত ব্যাটে ও বলে দুর্দান্ত পারফর্ম্যান্স দেখিয়ে চাপের মুখ থেকে জয় ছিনিয়ে আনে।

ভারতের জন্য টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত ছিল। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা দুই জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও পরের ধাপে হোঁচট খায় তারা। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে টানা তিন হারের পর সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গিয়েছিল। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে টুর্নামেন্টে টিকে রইল দলটি।অন্যদিকে, টুর্নামেন্টের সবচেয়ে দাপুটে দল হিসেবে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত অপরাজিত রয়েছে।

তারা ছয় ম্যাচে পাঁচ জয় ও এক পরিত্যক্ত ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। বাংলাদেশকে হারিয়েই অজিরা প্রথম দল হিসেবে শেষ চারে উঠেছিল। দক্ষিণ আফ্রিকা ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে এবং ইংল্যান্ড তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আসরের প্রথম সেমিফাইনালটি ২৯ অক্টোবর গৌহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় সেমিফাইনাল ৩০ অক্টোবর নবি মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে আয়োজিত হবে। টুর্নামেন্টের পর্দা নামবে ৩ নভেম্বরের ফাইনাল দিয়ে।