অক্টোবর ২৪, ২০২৫, ০৬:৩৭ পিএম
শক্তিতে থাইল্যান্ড যে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে, তা অনুমিতই ছিল। বাংলাদেশ নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার শিষ্যদের কাছ থেকে অন্তত লড়াইয়ের বার্তা আশা করেছিলেন। কিন্তু মাঠে সেই লড়াইটা ঠিকঠাক করতে পারলেন না শামসুন্নাহার জুনিয়ররা। স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্যাংককের থুনবুরি ইউনিভার্সিটি ফুটবল ট্রেনিং সেন্টারে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে থাই মেয়েরা। ফিফা র্যাঙ্কিংয়ে ৫৩ নম্বরে থাকা দলটির বিপক্ষে ১০৪তম স্থানে থাকা বাংলাদেশের রক্ষণভাগ প্রথমার্ধে বেশ ভালোই প্রতিরোধ গড়েছিল। তবে শেষ পর্যন্ত জাল অক্ষত রাখা সম্ভব হয়নি, প্রথমার্ধেই একটি গোল হজম করে বসে বাংলাদেশ। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় দল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সমতায় ফেরার আশা দেখছিল পিটার বাটলারের শিষ্যরা। কিন্তু উল্টো আরও দুই গোল হজম করতে হয় তাদের। শেষ পর্যন্ত ৩-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।
থাইল্যান্ড এশিয়ার ফুটবলে নিয়মিত একটি শক্তিশালী দল এবং তারা নারী এশিয়া কাপে নিয়মিত অংশগ্রহণ করে। অন্যদিকে, বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ পর্যায়ের এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাই এমন শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করতে পারাটাকেই সাফল্য হিসেবে ধরা হচ্ছিল। মেয়েরা প্রথমার্ধে সেই লড়াইয়ের কিছুটা আভাস দিলেও দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি। তবে এই হারেও উন্নতির চিহ্ন দেখছে ফুটবল ফেডারেশন।
২০১৩ সালে এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্বে এই থাইল্যান্ডের কাছেই বাংলাদেশ ৯-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল। সেই তুলনায় এই ৩-০ গোলের হারকে প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে। মূলত ২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ। এই সফরের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে বাংলাদেশ আগামী ২৭ অক্টোবর আবারও থাইল্যান্ডের মুখোমুখি হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন