সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই বাংলাদেশর

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৫, ০৫:৫১ পিএম

হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই বাংলাদেশর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এবার তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। টানা দুই ম্যাচ হারের পর এই ম্যাচে বাংলাদেশ একাদশে এনেছে বড় ধরনের রদবদল। মোট চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা।

সিরিজের প্রথম দুই ম্যাচেই ব্যাটারদের চরম ব্যর্থতায় হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে বোলাররা ওয়েস্ট ইন্ডিজকে ১৪৯ রানে আটকে ফেলার পরও ব্যাটাররা দায়িত্ব নিতে পারেননি। সেই ব্যর্থতার জেরে এবার একাদশ থেকে বাদ পড়েছেন তাওহিদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারী। প্রথম ম্যাচে বাজে শট খেলে আউট হওয়ার পর অধিনায়ক লিটন দাস শামীমের কড়া সমালোচনা করেছিলেন। দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে তাওহিদ হৃদয়ও ভালো করতে পারেননি।

এই দুই ব্যাটারের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান এবং আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। সোহান দ্বিতীয় ম্যাচে জাকের আলীর কাছে জায়গা হারালেও শেষ ম্যাচে আবার একাদশে ফিরলেন।

বোলিং বিভাগেও দুটি পরিবর্তন আনা হয়েছে। পেসার মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম এবং অফস্পিনিং অলরাউন্ডার শেখ মাহেদি হাসান। মূলত বোলিং গভীরতা বাড়াতেই মাহেদিকে দলে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচটি তাই লিটন দাসের দলের জন্য শুধু নিয়ম রক্ষার হলেও, হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির আগে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্যও এই জয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।