নভেম্বর ২, ২০২৫, ১০:৪১ এএম
আরও একবার ক্রিশ্চিয়ানো রোনালদোর জাদুতে নাটকীয় জয় পেল আল-নাসর। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, অতিরিক্ত সময়ের ১৫তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানের রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার। সৌদি প্রো লিগের ম্যাচে শনিবার রাতে নিজেদের ঘরের মাঠে আল-নাসর হারিয়েছে আল ফায়হাকে। এই জয়ের ফলে লিগে টানা সাত ম্যাচে অপরাজিত রইল সৌদি ফুটবলের জায়ান্ট ক্লাবটি এবং পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করল।
ম্যাচ জুড়ে দাপট দেখালেও আল-নাসরের জন্য জয় পাওয়া সহজ ছিল না। স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে ম্যাচের ১৩তম মিনিটেই আল ফায়হাকে এগিয়ে দেন ডেভিড রেমেসেইরো (জেসন)। গোল হজম করার পর শোধ নিতে মরিয়া হয়ে ওঠে আল-নাসর। মিনিট পাঁচেক পর তারা জালে বল জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। তবে ৩৭তম মিনিটে দলকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো।
দ্বিতীয়ার্ধে আল-নাসর জয়ের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায়। তারা প্রায় ৬৬ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে এবং গোলের জন্য মোট ১৪টি শট নেয়, যার মধ্যে ৫টি ছিল লক্ষ্য বরাবর। কিন্তু আল ফায়হার রক্ষণভাগ ভাঙা সম্ভব হচ্ছিল না। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হয়।
নাটকের শুরু হয় অতিরিক্ত সময়ে। রেফারি প্রথমে ৬ মিনিট যোগ করা সময় দিলেও, খেলার বিভিন্ন বিরতির কারণে সেই সময় গিয়ে ঠেকে ১৫ মিনিটে। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে আল-নাসরের আবদুল্লাহ আল-আমরি প্রতিপক্ষের ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হলে রেফারি লম্বা সময় ধরে ভিএআর চেক করে পেনাল্টির সিদ্ধান্ত দেন। অতিরিক্ত সময়ের ১৫তম মিনিটে সেই পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথায় গোল করে দলকে উল্লাসে ভাসান রোনালদো। জোড়া গোল করে তিনিই ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন