সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেন উইলিয়ামসন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৫, ০৯:৪১ পিএম

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেন উইলিয়ামসন

আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে আর মাত্র চার মাস বাকি, ঠিক এমন সময়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন নিউজিল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার ও সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। ৩৫ বছর বয়সী এই তারকা ব্যাটার টেস্ট ও ওয়ানডে খেলা চালিয়ে যাবেন।

উইলিয়ামসন সাদা বলের অধিনায়কত্ব ছেড়েছিলেন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই। এরপর থেকেই ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণে দেশের হয়ে তাকে অনিয়মিতই দেখা গেছে। পরিবারের প্রতি দায়িত্ববোধ, বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ত সূচি এবং ঘন ঘন ইনজুরিতে পড়া—এই তিন কারণে নিউজিল্যান্ডের জার্সিতে টি-টোয়েন্টিতে তার উপস্থিতি কমে আসছিল। সর্বশেষ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তিনি চোটের কারণে দর্শক হয়ে ছিলেন।

অবশেষে, রোববার (২ নভেম্বর) তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে পুরোপুরি অবসরের ঘোষণা দিলেন। ২০১১ সালে অভিষেকের পর থেকে উইলিয়ামসন নিউজিল্যান্ডের হয়ে মোট ৯৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ৩৩ গড়ে তিনি করেছেন ২ হাজার ৫৭৫ রান। তিনি নিউজিল্যান্ডের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক টি-টোয়েন্টি রান সংগ্রাহক।

উইলিয়ামসন ৭৫টি ম্যাচে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন, যা দেশটির পক্ষে সর্বোচ্চ। তার সুনিপুণ নেতৃত্বেই নিউজিল্যান্ড ২০১৬ ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে এবং ২০২১ সালের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল।আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেও, ৩৫ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটসম্যান ওয়ানডে ও টেস্টে নিউজিল্যান্ডকে প্রতিনিধিত্ব করা অব্যাহত রাখবেন। পাশাপাশি বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগেও তিনি খেলা চালিয়ে যাবেন বলে জানা গেছে।