নভেম্বর ৩, ২০২৫, ০৫:২০ পিএম
বাংলাদেশ সফর শেষ হতে না হতেই পরবর্তী সিরিজের জন্য দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর এবার তারা নিউজিল্যান্ড সফরে যাচ্ছে। আসন্ন এই কিউই সফরের জন্য ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
নিউজিল্যান্ড সিরিজ দিয়ে লম্বা সময় পর ক্যারিবীয়দের দলে ফিরছেন শামার স্প্রিঙ্গার। এছাড়া, চোট কাটিয়ে প্রায় তিন মাস পর দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার ম্যাথু ফোর্ড।তবে বাংলাদেশ সফরে খেলা স্পিনার গুড়াকেশ মোতি দল থেকে বাদ পড়েছেন। বাংলাদেশে তিনটি ওয়ানডে খেলে ৪ উইকেট পেলেও টি-টোয়েন্টিতে মাত্র একটি ম্যাচ খেলে বাজে পারফরম্যান্সের কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
কিউইদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ নভেম্বরের ৫ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত মোট পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। অকল্যান্ডে ৫ ও ৬ নভেম্বর সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ নেলসনে, ৯ ও ১০ নভেম্বর। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ডানেডিনে আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল: শেই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, আকিম ওগিস, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গার।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন