নভেম্বর ৩, ২০২৫, ০৬:৪৪ পিএম
ইতিহাস গড়ার জন্য ঐতিহাসিক পুরস্কার ঘোষণা এলো। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ জেতার জন্য ভারতীয় নারী ক্রিকেট দলকে ৫১ কোটি রুপি (প্রায় ৫১০ মিলিয়ন টাকা) আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।রোববার (০২ নভেম্বর) নাভি মুম্বাইয়ে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে হারমানপ্রিত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে।
চ্যাম্পিয়ন হওয়ার ফলে দলটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেও বিশাল অংকের প্রাইজমানি পেয়েছে। আইসিসি থেকে ভারত পেয়েছে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৯ কোটি ৭৮ লাখ রুপি। এর বাইরে বিসিসিআইয়ের পক্ষ থেকে এই অতিরিক্ত ৫১ কোটি রুপি পুরস্কার ঘোষণা করা হলো।
বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়া বার্তা সংস্থা এএনআইকে এই পুরস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গত মাসে আইসিসি চেয়ারম্যান জয় শাহ উইমেন’স বিশ্বকাপের প্রাইজমানি ৩০০ শতাংশ বৃদ্ধি করেছেন। এসব পদক্ষেপ নারী ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়েছে। আমরা শিরোপা জয়ী দলের খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফসহ পুরো দলকে বোর্ডের তরফ থেকে ৫১ কোটি রুপি পুরস্কার দিচ্ছি।”
উল্লেখ্য, আইসিসির ঘোষণায় দেখা যায়, এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের মোট প্রাইজমানি ছিল ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আসরের (মাত্র ৩৫ লাখ মার্কিন ডলার) তুলনায় প্রায় ২৯৭ শতাংশ বেশি। বিসিসিআইয়ের এই বিশাল আর্থিক স্বীকৃতি ভারতের নারী ক্রিকেটকে আরও শক্তিশালী করবে এবং নতুন প্রজন্মকে খেলায় আসতে উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন