নভেম্বর ১১, ২০২৫, ১২:৩৬ পিএম
দেশের উত্তরাঞ্চলে এখন পুরোদমে জেঁকে বসতে শুরু করেছে শীত। দিন যত গড়াচ্ছে, তাপমাত্রা ততই নিম্নমুখী হচ্ছে। সেই সঙ্গে বইছে শীতল বাতাস এবং পড়তে শুরু করেছে ঘন কুয়াশাও।আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করে।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে দেশের অন্যান্য অঞ্চলেও তাপমাত্রা কমেছে।
রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং চুয়াডাঙ্গায় ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া দেশের অন্তত পাঁচটি জেলায় তাপমাত্রা ১৬ ডিগ্রিতে নেমে এসেছে। বেশিরভাগ জেলাতেই বর্তমানে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়েছে।আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
সেই সঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পাবে। তাপমাত্রা কমার এই পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে সারাদেশে শীতের তীব্রতা আরও বাড়তে চলেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন