রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শীত জেঁকে বসেছে তেঁতুলিয়ায়, তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৫, ১০:৩৬ এএম

শীত জেঁকে বসেছে তেঁতুলিয়ায়, তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে

হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাসে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। কয়েকদিন ধরে এখানকার তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

হিমেল বাতাস আর বাড়তি আর্দ্রতার কারণে সকালে কনকনে শীত অনুভূত হলেও দুপুরের রোদের উজ্জ্বলতায় জনজীবনে ফিরেছে স্বস্তি।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৫৯ শতাংশ।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় এই আবহাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।শীত বাড়ায় শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাবও বাড়ছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা গত সপ্তাহের তুলনায় বেড়েছে। বিশেষ করে নিউমোনিয়া, হাঁপানি ও সর্দি-কাশির রোগী বেশি আসছেন।

অন্যদিকে, শীতের মাঝেও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ জীবিকার তাগিদে কাজে ফিরেছেন। ভ্যানচালক, দিনমজুর ও রিকশাচালকরা জানাচ্ছেন, রোদের আলো পাওয়ায় সকালবেলার কাজ কিছুটা স্বস্তিদায়ক হয়েছে।আবহাওয়া অফিসের কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয় বিধৌত এলাকায় এ উপজেলাটির অবস্থান হওয়ায় এখানে অন্যান্য এলাকা থেকে শীত আগে নামে। এ সময়টাতে তাপমাত্রা অনেক কম থাকে এবং সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।