নভেম্বর ৩০, ২০২৫, ১১:০০ এএম
হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিম বাতাসে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। কয়েক দিন ধরে এখানকার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। যদিও ভোরে হালকা কুয়াশা থাকলেও ঘন কুয়াশার দেখা মেলেনি।
রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ শতাংশে।
সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ফসলি জমি ও ঘাসের ডগায় জমে আছে শিশিরবিন্দু। দিনের বেলায় রোদ থাকলেও রাত নামলেই শীতের তীব্রতা বাড়ছে, বিশেষ করে মধ্যরাতের পর।
তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, শনিবার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এখন হালকা কুয়াশা পড়ছে, এবং সামনে কুয়াশা ও শীত আরও বাড়বে।
স্থানীয়রা জানান, সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকছে, তবে এরপরই হিমেল হাওয়া বইতে শুরু করায় সন্ধ্যা থেকে ঠান্ডা অনুভূত হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন