ডিসেম্বর ৩, ২০২৫, ১১:১৯ পিএম
সারা দেশে ধীরে ধীরে তাপমাত্রা কমছে, বাড়ছে শীতের অনুভূতি। আবহাওয়াবিদরা বলছেন, আগামী অন্তত সপ্তাহখানেক তাপমাত্রা কমার এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, "তাপমাত্রা কিছুটা কমেছে, বেড়েছে শীতের অনুভূতি। দেশের বিভিন্ন অঞ্চল ও নদী অববাহিকায় কুয়াশাও পড়ছে। আগামী অন্তত সপ্তাহখানেক তাপমাত্রা কমার প্রবণতা থাকতে পারে।"
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবার বা পরদিন শনিবারের দিকে দেশের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি বা এর নিচেও নামতে পারে। তাপমাত্রা কমে গেলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা তৈরি হবে।
আবহাওয়া অধিদপ্তরের মতে, শৈত্যপ্রবাহের মাত্রা নিম্নরূপ:
| তাপমাত্রার সীমা | শৈত্যপ্রবাহের ধরন |
| ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস | মৃদু শৈত্যপ্রবাহ |
| ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস | মাঝারি শৈত্যপ্রবাহ |
| ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস | তীব্র শৈত্যপ্রবাহ |
| ৪ ডিগ্রির নিচে | অতি তীব্র শৈত্যপ্রবাহ |
আগের দিনের তুলনায় বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, ১১.১ ডিগ্রি সেলসিয়াস।অন্যদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে, ৩১.৪ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যথাক্রমে ২৭.৭ ও ১৭.১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন