জানুয়ারি ৫, ২০২৬, ০২:৪০ পিএম
চলমান তীব্র শৈত্যপ্রবাহে হাড়কাঁপানো শীতে কাঁপছে উত্তরবঙ্গ। পাবনার ঈশ্বরদীতে সোমবার (৫ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঈশ্বরদী আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ সকালে এই অঞ্চলের তাপমাত্রা নেমে এসেছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াসে।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, সোমবার সকাল ৯টায় রেকর্ডকৃত ৮.৪ ডিগ্রি সেলসিয়াসই এখন পর্যন্ত চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
এর আগে শুক্রবার এখানে তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা ক্রমান্বয়ে ওঠানামা করার পর আজ আবারও বড় ধরনের পতন ঘটেছে।
মৃদু শৈত্যপ্রবাহ ও উত্তরের হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বহুগুণ বেড়েছে। সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকায় সূর্যের দেখা মেলেনি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কাজ না পেয়ে দিনমজুর ও শ্রমিক শ্রেণিকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন পাবনা অঞ্চলসহ পুরো উত্তরাঞ্চলে শীতের এই তীব্রতা অব্যাহত থাকতে পারে। দুপুরের পর কুয়াশা কিছুটা কমলেও সূর্যের তেজ না থাকায় কনকনে ঠান্ডার অনুভূতি কমছে না।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান জানান, শীতকষ্ট লাঘবে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ৩ হাজার ১০০টি কম্বল বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, “সরকারি ত্রাণ তহবিল থেকে আরও কম্বল বরাদ্দের প্রক্রিয়া চলছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট কম হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন