রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যেসব এলাকায় তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ০৭:২৮ পিএম

যেসব এলাকায় তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে

সারা দেশে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। বয়ে চলা শৈত্যপ্রবাহে জনজীবনে নামছে স্থবিরতা। এরই মধ্যে আবহাওয়া পর্যবেক্ষক ও গবেষকরা জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) দেশের বিভিন্ন বিভাগে তাপমাত্রা আরও কমে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সোমবার (৫ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে জানান, সোমবার সন্ধ্যার পর থেকেই দেশের আট বিভাগের জেলাগুলো মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

বিভাগীয় পূর্বাভাস ও কুয়াশার দাপট:

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা: মঙ্গলবার এসব বিভাগের অধিকাংশ জেলায় দুপুর ১২টার আগে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। সকাল ৬টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

খুলনা ও বরিশাল: এই দুই বিভাগে সকাল ১০টার পর সূর্যের দেখা মিলতে পারে। তবে খুলনায় শৈত্যপ্রবাহের তীব্রতা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সোমবার রাত থেকেই সারা দেশে তাপমাত্রা ক্রমাগত কমতে শুরু করবে। চলতি জানুয়ারি মাসে দেশের ওপর দিয়ে এক থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহ (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। কোনো কোনো দুর্গম এলাকায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসেও নামার শঙ্কা রয়েছে।তীব্র শীত ও কুয়াশার কারণে বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগের সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। কুয়াশার কারণে সড়ক, নৌ ও আকাশপথে যোগাযোগ বিঘ্নিত হচ্ছে।

উত্তরবঙ্গসহ দেশের নদী অববাহিকার জেলাগুলোতে শীতের কারণে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।বিশেষজ্ঞরা এই কনকনে ঠান্ডায় শিশু ও বয়স্কদের বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন। আগামী কয়েকদিন এই শৈত্যপ্রবাহের দাপট অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।