শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

সারা দেশে যেমন থাকবে রাত ও দিনের তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৬, ০৩:১৬ পিএম

সারা দেশে যেমন থাকবে রাত ও দিনের তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস

সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা থাকলেও দেশের ২০টি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল থেকে আসা হিমেল বাতাসের কারণে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র শীত অনুভূত হচ্ছে।

বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলা এবং যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও নরসিংদী জেলায় শীতের প্রকোপ সবচেয়ে বেশি।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে ২৮.১ ডিগ্রি সেলসিয়াস।

বর্তমানে নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরও কয়েক দিন স্থায়ী হতে পারে। তবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।কুয়াশা নিয়ে বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে। আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌ-পথে যান চলাচল বিঘ্নিত হতে পারে বিধায় চালকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।শৈত্যপ্রবাহের ফলে জনজীবন কিছুটা স্থবির হয়ে পড়েছে, বিশেষ করে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষের ভোগান্তি বেড়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, জানুয়ারি মাসে এমন শীতের তীব্রতা স্বাভাবিক হলেও পর্যাপ্ত সতর্কতা না থাকলে শীতজনিত রোগের প্রকোপ বাড়তে পারে। আগামী কয়েক দিন তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।