রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজ দুপুর ১টার মধ্যে ৩ জেলায় কালবৈশাখীর আভাস

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৯, ২০২৬, ১০:৪৮ এএম

আজ দুপুর ১টার মধ্যে ৩ জেলায় কালবৈশাখীর আভাস

বৃষ্টির পূর্বাভাস ও সতর্কতা

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বিশেষ বার্তায় জানানো হয়, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

এই আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত অঞ্চলগুলোতে বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

 তবে শুধু এই তিন জেলা নয়, আজ সারা দেশের সব বিভাগেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অফিসের নিয়মিত বুলেটিন অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

তাপমাত্রার বিষয়ে অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির প্রভাবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত জারির পাশাপাশি ছোট নৌযান ও ট্রলারগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। মূলত লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করার কারণে মৌসুমি আবহাওয়ার এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির এই প্রবণতা আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে অব্যাহত থাকতে পারে।