মার্চ ২৫, ২০২৬, ০৪:৫৮ পিএম
সারা দেশে আগামী চব্বিশ ঘণ্টায় দিনের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টার জন্য দেওয়া নিয়মিত আবহাওয়ার বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই সময়ের মধ্যে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার সকালের মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এর বাইরে দেশের অন্যান্য অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আবহাওয়ার এই পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে।এদিকে গত চব্বিশ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, যা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
একই সময়ে নেত্রকোনায় সর্বোচ্চ ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাপমাত্রা বাড়ার ফলে দিনের বেলা কিছুটা অস্বস্তি অনুভূত হতে পারে, তবে বৃষ্টির কারণে কিছু এলাকায় সাময়িকভাবে গরম কমতে পারে। উপকূলীয় জেলাগুলোতে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমের তীব্রতা বাড়ার শঙ্কাও রয়েছে। কৃষকদের ক্ষেত্রে এই বৃষ্টির সুফল থাকলেও হঠাৎ বজ্রবৃষ্টির সময় সবাইকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন