এপ্রিল ১০, ২০২৬, ০৯:৫৭ এএম
দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের চার জেলায় দুপুরের মধ্যেই কালবৈশাখীর তাণ্ডব বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝড় বয়ে যেতে পারে। আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়োহাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে এসব এলাকায় প্রবল বৃষ্টিপাত এবং বজ্রবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আজ প্রধানত শুষ্ক থাকতে পারে। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে। আবহাওয়াবিদদের মতে, আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।আবহাওয়া অফিসের পাঁচ দিনের সিনপটিক অবস্থায় বলা হয়েছে, বর্তমানে লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির শঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া বিভাগ। সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়লেও রাতের তাপমাত্রা সামান্য কমে শীতের আমেজ কিছুটা থাকতে পারে।
উল্লেখ্য যে, গতকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। আজ শুক্রবার সন্ধ্যায় সূর্যাস্ত হবে ৬টা ১৮ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪১ মিনিটে। আবহাওয়া অফিস জানিয়েছে, কালবৈশাখীর এই প্রবনতা উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বেশি থাকলেও ঝোড়োহাওয়ার প্রভাব দেশের অন্যান্য বিভাগেও আংশিক পরিলক্ষিত হতে পারে। বিশেষ করে নদী অববাহিকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উপকূলীয় এলাকাগুলোতে লঘুচাপের প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দিনের তাপমাত্রা বৃদ্ধির ফলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন