রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরগুলোকে হুঁশিয়ারি

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ০২:০৯ পিএম

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরগুলোকে হুঁশিয়ারি

রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই আশঙ্কার কথা জানানো হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ ও ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

এই সময়ে সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রংপুর এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, কুষ্টিয়া, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই অঞ্চলগুলোতেও বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। এমতাবস্থায় চট্টগ্রাম ও বরিশালসহ সংশ্লিষ্ট অন্যান্য এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিকেলের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা থাকায় এবং ঝড়ের গতিবেগ বাড়ার আশঙ্কায় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। মূলত কালবৈশাখীর এই মৌসুমে আকস্মিক ঝড়ের কারণে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতেই আবহাওয়া বিভাগ আগাম এই সতর্কতা জারি করেছে। সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী সাধারণ মানুষকেও বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।