জুলাই ১০, ২০২৬, ১১:৪৯ পিএম
চলতি মাসের ১১ জুলাই, শনিবার থেকে দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার পূর্বাভাস পাওয়া গেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে বিভিন্ন অঞ্চলে। বিশেষ করে দেশের উপকূলীয় এবং দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।বৃষ্টিপাতের প্রভাবে দেশের ৭০ থেকে ৮০ শতাংশ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বুলেটিন অনুযায়ী, বরিশাল, ঢাকা ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অধিকাংশ এলাকার আকাশ মেঘলা থাকায় সূর্যের আলো কম দেখা যেতে পারে, যা স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায়, যা প্রায় ২২৯ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরে ৩৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা বগুড়ায় ২৫ দশমিক ১০ ডিগ্রি সেলসিয়াস। ভারী বর্ষণের কারণে বিভিন্ন নিচু এলাকায় পানি জমে যাওয়ার শঙ্কা রয়েছে। কৃষক এবং উপকূলীয় বাসিন্দাদের দ্রুত ফসল ঘরে তোলার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে বাতাসের আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে, যা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। জুলাই মাসের ১৫ তারিখের দিকে পরবর্তী শক্তিশালী বৃষ্টির ধাপ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে সার্বক্ষণিক সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন