অক্টোবর ২৫, ২০২৫, ০৯:৩৯ এএম
আজ (২৫ অক্টোবর) রাজধানী ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য প্রকাশিত এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার এই পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে ঢাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাস উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
ঢাকার আবহাওয়া আপাতত শুষ্ক থাকলেও দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে আগামী সপ্তাহে দেশের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, শুক্রবার (২৪ অক্টোবর) দক্ষিণ বঙ্গোপসাগরে এই লঘুচাপটি সৃষ্টি হয়।
তবে এই লঘুচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার পূর্বাভাসে আরও উল্লেখ করেছেন, এই লঘুচাপটি আগামী ২৭ থেকে ২৮ অক্টোবরের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগ অতিক্রম করার আশঙ্কা করা হচ্ছে। সিস্টেমটি বাংলাদেশ বা ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসার সম্ভাবনা খুবই কম।
তবে এই লঘুচাপের প্রভাবে সৃষ্ট মেঘের কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর বাংলাদেশের ওপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন