নভেম্বর ২, ২০২৫, ১১:২০ এএম
দেশের ১১টি জেলার ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।রোববার (০২ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে।
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।ঝোড়ো হাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সংস্থাটি জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন