রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আট বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আপেল আমদানি শুরু

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১০, ২০২৫, ১০:৫৮ পিএম

আট বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আপেল আমদানি শুরু

দীর্ঘ আট বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আপেল আমদানি শুরু হয়েছে। ভারতের কাশ্মির থেকে এসব আপেল আমদানি করছে চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান খাজা আজমির ট্রেডিং।

রবিবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ২৫ মেট্রিক টন আপেল নিয়ে একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়। কাস্টমসের যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় এসব আপেল বন্দর থেকে খালাস কার্যক্রম শুরু হয়।

হিলি সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন জানান, করোনার মহামারির আগে ভারত থেকে আপেল আমদানি হয়েছিল। কাস্টমস যথেষ্ট সহযোগিতা করায় আবারও আমদানি শুরু হয়েছে। এনবিআর-এর সহযোগিতা থাকলে আমদানি বাড়বে, সেই সঙ্গে বন্দরের রাজস্বও বৃদ্ধি পাবে।

হিলি বাজারের ফল ব্যবসায়ী আতিয়ার রহমান জানান, দীর্ঘদিন এ বন্দর দিয়ে ফল আমদানি না হওয়ায় বেনাপোল, ভোমরা, সোনামসজিদ বন্দর দিয়ে ফল এনে বাজারে বিক্রি করতে হতো। এতে শ্রমিক খরচ ও পরিবহন খরচ মিলিয়ে প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা বা তারও বেশি পড়ে। যার প্রভাব খুচরা বাজারে পড়ে। হিলি দিয়ে আমদানি শুরু হওয়ায় খরচ কমবে।

এদিকে, হিলি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে আপেল প্রকারভেদে ২৬০ টাকা, কমলা ৩৬০ টাকা, আঙুর ৫০০ টাকা, আনার প্রকারভেদে ৪৮০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন বলেন, দীর্ঘদিন পর এই বন্দর দিয়ে আপেল আমদানি শুরু হয়েছে। প্রতি টন আপেল ৭০০ ডলারে শুল্কায়ন করা হচ্ছে। আপেল যেহেতু কাঁচাপণ্য, তাই দ্রুত ছাড়করণে আমদানিকারকদের সবধরনের সহযোগিতা করা হচ্ছে।