মার্চ ৩১, ২০২৬, ১২:০০ এএম
গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীদের জন্য দুই মাসব্যাপী আধুনিক ধান উৎপাদন প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার ব্রি সদর দপ্তরের প্রশিক্ষণ ভবনের সভা কক্ষে এই কর্মসূচির সূচনা হয়। এ উপলক্ষ্যে ব্রি’র প্রশিক্ষণ বিভাগ ‘ব্রি অগ্রগতি ও অর্জন’ শীর্ষক একটি বিশেষ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রি’র মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএসসির সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ। কর্মশালায় ব্রি’র সাম্প্রতিক গবেষণা ও অর্জন নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম।
স্বাগত বক্তব্যে পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।প্রধান অতিথির বক্তব্যে ড. মোবাশ্বের মোনেম দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ব্রি বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন যে উদ্ভাবিত উন্নত জাতের মাধ্যমেই মূলত বাংলাদেশের কৃষি খাত টিকে আছে। তবে বিজ্ঞানীদের গবেষণার সুফল যেন সাধারণ কৃষকের দোরগোড়ায় পৌঁছায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। গবেষণাগারের সাফল্য যখন মাঠে দৃশ্যমান হবে, তখনই একজন বিজ্ঞানীর কাজ সার্থক বলে গণ্য হবে।
মেধা পাচার রোধে বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন পিএসসি চেয়ারম্যান। তিনি মনে করেন যে কর্মক্ষেত্রে পর্যাপ্ত পরিবেশ ও সুবিধার অভাবে অনেক মেধাবী বিজ্ঞানী দেশ ছেড়ে চলে যাচ্ছেন। দেশের স্বার্থে এই মেধার অপচয় রোধ করা অত্যন্ত জরুরি। দুই মাসব্যাপী এই নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে ধান উৎপাদনে আরও বড় ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠান শেষে ব্রি’র বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং প্রশিক্ষণার্থী বিজ্ঞানীরা মতবিনিময় করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন