শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

পেঁয়াজের সাথে কলা চাষ করে আমরা দ্বিগুণ লাভ পাচ্ছি

কৃষি ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৬, ১০:৫৩ পিএম

পেঁয়াজের সাথে কলা চাষ করে আমরা দ্বিগুণ লাভ পাচ্ছি

কৃষিনির্ভর মেহেরপুর জেলায় সাথী ফসল হিসেবে কলা ও পেঁয়াজ চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। পাশাপাশি পাটের ভালো ফলন হলেও জাগ দেওয়ার পানির অভাবে কিছুটা সংকটে পড়েছেন তারা। তবে পাটের বর্তমান বাজারদর নিয়ে কৃষকদের মাঝে স্বস্তি রয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে, জেলাটিতে মোট ফসলি জমির পরিমাণ প্রায় এক লাখ সত্তর হাজার হেক্টর।

এখানকার জমির ফসলের নিবিড়তা প্রায় ২৯০ শতাংশ। উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ায় বিভিন্ন ফসলের পাশাপাশি মেহের সাগর কলার ব্যাপক সুনাম রয়েছে, যা ইতোমধ্যে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। স্থানীয় কৃষকরা জানান, একই জমিতে পেঁয়াজের সঙ্গে কলার চারা রোপণ করে তারা দ্বিগুণ লাভ করছেন। প্রথম ছয় মাসে পেঁয়াজ তুলে নেওয়ার পর কলাগাছগুলো দ্রুত বেড়ে ওঠে, এতে সময় ও খরচ দুটিই বাঁচে।

অন্যদিকে, জেলায় এবার পাটের ফলন বেশ ভালো হয়েছে। স্থানীয় বাজারে প্রতি মণ শুকনা পাট তিন হাজার চারশ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা বা ভেজা পাট বিক্রি হচ্ছে এক হাজার দুইশ টাকায়। পাটের পাশাপাশি পাটখড়ি প্রতি আঁটি ১৫ টাকা দরে বিক্রি করে বাড়তি আয় করছেন চাষিরা। তবে পাট পচানোর জন্য পর্যাপ্ত জলাশয় বা পানি না থাকায় অনেক কৃষক বিপাকে পড়েছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কৃষকদের উৎসাহিত করতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মেহেরপুরের দুই হাজার আটশ কৃষককে পাট চাষে সহায়তা দেওয়া হয়েছে। পরিবেশবান্ধব পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি আধুনিক বাজার সম্প্রসারণ করা গেলে এটি গ্রামীণ অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।