বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে বৃষ্টিতে ফসলের ক্ষতি আগাম আলু ফুলকপি ও কলার ব্যাপক বিপর্যয়

কৃষি ডেস্ক

অক্টোবর ৮, ২০২৬, ০৩:৩৯ পিএম

বীরগঞ্জে বৃষ্টিতে ফসলের ক্ষতি আগাম আলু ফুলকপি ও কলার ব্যাপক বিপর্যয়

ছবি: দিনাজপুর টিভি

বীরগঞ্জে বৃষ্টিতে ফসলের ক্ষতি চরম আকার ধারণ করেছে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় টানা বর্ষণের কারণে আগাম জাতের সবজি ও মাঠের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে উপজেলার হাবলু হাট সংলগ্ন বিস্তীর্ণ এলাকার আবাদি জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে নষ্ট হতে বসেছে কৃষকের ফলন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সরেজমিনে বীরগঞ্জের হাবলু হাট এলাকায় দেখা গেছে, জমিতে পানি জমে ফসলের চারা নুয়ে পড়েছে। কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এ মৌসুমে বাড়তি লাভের আশায় কৃষকেরা আগাম জাতের আলু, ফুলকপি এবং কলা চাষ করেছিলেন। কিন্তু হঠাৎ হওয়া টানা বৃষ্টিতে নিচু জমিতে পানি আটকে গিয়ে সদ্য রোপণ করা আলুর বীজ পচে যাওয়ার উপক্রম হয়েছে।

একই সাথে ফুলকপির চারা জমিতে অতিরিক্ত পানির কারণে নেতিয়ে পড়ছে। ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে এলাকার কলার বাগানেও বড় ধরনের ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে। অনেক বাগানে কলার গাছ হেলে পড়েছে এবং অতিরিক্ত আর্দ্রতায় শিকড় নষ্ট হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। হঠাৎ এই দুর্যোগে মাঠের আগাম ফসল রক্ষায় চরম উদ্বেগের মধ্যে দিন পার করছেন স্থানীয় কৃষকেরা।