নভেম্বর ৮, ২০২৫, ০৬:৫৪ পিএম
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, বর্তমান সময়টা তথ্যপ্রযুক্তির।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে সবাইকে কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। না হলে বর্তমানে কঠিন প্রতিযোগিতায় টিকে থাকা যাবে না।শনিবার (৮ নভেম্বর) নেত্রকোনার মোহনগঞ্জে অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে পৌর বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লুৎফুজ্জামান বাবর বলেন, সামনে দলের জন্য একটা বড় সুযোগ আসতে পারে—সেটা হলো ক্ষমতায় যাওয়ার। সেই আশার জায়গাটা যেন নষ্ট না হয়, সে জন্য তিনি নেতাকর্মীদের দায়িত্বশীল ও শিষ্টাচার আচরণ করার আহ্বান জানান।তিনি বিশেষভাবে দলের শৃঙ্খলার ওপর জোর দিয়ে বলেন:দলের শৃঙ্খলা পরিপন্থি কিছু করা যাবে না। এই জায়গাটাতে আমাদের ঠিক থাকতে হবে। শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে কারো ছাড় নেই। এমনকি আমাকেও ছাড় দেওয়া হবে না।"
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সবারই রুজি দরকার, কিন্তু তার মানে এই নয়—যা খুশি তা করা হবে। হালালভাবে ন্যায্যতার ভিত্তিতে যেটুকু করা যায়, সেটুকু করার কথা বলেন তিনি এবং জানান, তার পক্ষে যতটুকু সহায়তা করা সম্ভব, তার সবটুকুই তিনি করবেন।লুৎফুজ্জামান বাবর বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগসহ কিছু দল আগামী নির্বাচন বানচালের চক্রান্ত শুরু করছে, কিন্তু তারা কিছুতেই সফল হতে পারবে না। এ জন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পৌর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলের সঞ্চালনায় এবং পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম ভিপির সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন ও সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন