নভেম্বর ১৩, ২০২৫, ০৮:০৪ পিএম
রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলেকে বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই নৃশংস হামলায় বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমন (২০) ছুরিকাঘাতে গুরুতর জখম হয়ে মৃত্যুবরণ করেছে।
অন্যদিকে, এই ঘটনায় আহত হয়েছেন তার মা তাসমিন নাহার। তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় বিচারকের বাসায় এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে। নিহত তাওসিফ রহমান সুমন হলেন রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং অভিযুক্ত ঘাতককে আটক করতে সক্ষম হয়।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস এই হত্যাকাণ্ড নিশ্চিত করে জানান, ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় সুমনকে হাসপাতালে আনা হলে তিনি মৃত্যুবরণ করেন। নিহতের মা তাসমিন নাহারও আহত অবস্থায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, এ ঘটনায় মূল ঘাতককে আটক করা হয়েছে। অভিযুক্ত ঘাতক নিজেও আহত হওয়ায় বর্তমানে তাকে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ অনুসন্ধানে পুলিশ জোরদার তদন্ত শুরু করেছে। বিচারকের বাসায় এমন হামলার ঘটনায় রাজশাহীজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন