নভেম্বর ১৫, ২০২৫, ১২:২২ পিএম
উত্তরবঙ্গের তিস্তা নদীর ন্যায্য পানির দাবিতে আন্দোলনের পর এবার পদ্মা নদী বাঁচানোর ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ভারতের সাথে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং পদ্মার ভাঙন ও নাব্য সংকট নিরসনের দাবিতে আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জে বিশাল গণসমাবেশের আয়োজন করেছে দলটি।
‘চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই’— এই স্থানীয় স্লোগানকে সামনে রেখে দুপুর ২টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূল সমাবেশের আগে তিনি মহানন্দা নদীর পাড়ে একটি সংক্ষিপ্ত কর্মসূচিতেও যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এছাড়া রাজশাহী বিভাগের বিভিন্ন আসনে বিএনপির মনোনীত প্রার্থীরাও এই গণসমাবেশে উপস্থিত থাকবেন। যুগ যুগ ধরে ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত হওয়ার ফলে শুকিয়ে যাওয়া পদ্মা এবং বর্ষা মৌসুমে ভাঙনের কবলে পড়া হাজারো মানুষের দুর্দশার চিত্র তুলে ধরতেই এই কর্মসূচিপালন করছে বিএনপি।সবশেষ খবর অনুযায়ী, সমাবেশকে ঘিরে পুরো চাঁপাইনবাবগঞ্জ শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কলেজ মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের পদচারণা শুরু হয়েছে সকাল থেকেই।
শহরের বিভিন্ন মোড়ে মোড়ে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও পোস্টার। মাইকিং করে সমাবেশের সময়সূচি প্রচার করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে মাঠ ও এর আশপাশে বিএনপির অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবক দলের সদস্যরা কাজ করছেন। উল্লেখ্য, চলতি বছর তিস্তা ইস্যুসহ নদী ও পরিবেশ রক্ষায় বিএনপিকে বেশ কয়েকটি কর্মসূচি পালন করতে দেখা গেছে, আজকের সমাবেশ তারই ধারাবাহিকতা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন