নভেম্বর ১৫, ২০২৫, ০৪:৪০ পিএম
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম মন্তব্য করেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা সন্ত্রাসী গোষ্ঠী। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো আজ ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে।
এবং তাদের দোসররা এখনো গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। তাই অন্তর্বর্তী সরকারের কাছে তার দাবি, খুনি হাসিনা ও তার দোসরদের বিচার করে দেশে ফিরিয়ে এনে ফাঁসির ব্যবস্থা করতে হবে।
শনিবার দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাবি শাখা ছাত্রশিবির আয়োজিত নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বিশেষ বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম তার বক্তব্যে সদ্য সমাপ্ত জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে বলেন এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিলুপ্ত করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ রাজশাহীর সব মানুষের অগ্রণী ভূমিকা আমরা দেখেছি। তিনি উল্লেখ করেন যে জুলাই বিপ্লবে রাজশাহী মহানগরের ছাত্রশিবিরের সেক্রেটারি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলী রায়হানও শহীদ হয়েছিলেন। তিনি বলেন বিগত ফ্যাসিবাদী আমলে খুনি হাসিনা, নিষিদ্ধ ছাত্রলীগ ও তার দোসররা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে একটি কনসেনট্রেট ক্যাম্প তৈরি করেছিল এবং গণরুম-গেস্টরুম কালচারের মাধ্যমে শিক্ষার্থীদের মৌলিক অধিকার ক্ষুণ্ন করেছিল।
তিনি বলেন সেই আমলে ক্যাম্পাসগুলোতে কেউ ইসলাম চর্চা করতে পারতো না, কেউ যদি নামাজ পড়তো বা আল্লাহ-রাসুলের কথা বলতো, তখন তাকে বিভিন্নভাবে ট্যাগিং করা হতো। ডাকসু ভিপি বলেন ইসলামী ছাত্রশিবির আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। বাংলাদেশে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে আমরা জুলাইয়ে যেমন রাস্তায় নেমেছি, আবারও ঠিক একইভাবে আমাদের রাস্তায় নামতে হবে এবং মানুষের আজাদীর লড়াই ইসলামী ছাত্রশিবির কিয়ামত পর্যন্ত চালিয়ে যাবে।
তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজ আমরা শহীদদের আকাঙ্ক্ষা ভুলে যাচ্ছি, ছাত্রসংগঠনগুলোতে দেখা দিচ্ছে দাম্ভিকতা। তাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জুলাইয়ের স্পিরিট ধারণ করে নতুন বাংলাদেশ গঠনে প্রতিবাদ-প্রতিরোধ জারি রাখার আহ্বান জানান তিনি।উল্লেখ্য, রাবি ক্যাম্পাসের ভেতরে ছাত্রশিবিরের নবীনবরণ সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ১৯৮২ সালের ১১ মার্চ। প্রায় সাড়ে চার দশক পর এবারই প্রথম ক্যাম্পাসের ভেতরে এই ধরনের একটি বৃহৎ আয়োজন করল সংগঠনটি।
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে প্রায় সাড়ে তিন হাজার নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন