নভেম্বর ২২, ২০২৫, ০৩:৪২ পিএম
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার নির্বাচনী প্রচারণায় এসে অভিযোগ করে বলেছেন, তিনটি মৃত্যুদণ্ড ও তিনটি যাবজ্জীবনের রায় দিয়েও শেখ হাসিনার শখ মেটেনি। তিনি বলেন, আরও অনেক মামলা দিয়ে আমাকে নির্যাতন করা হয়েছে এবং আর এক বছর গেলে হয়তো ফাঁসিতে ঝুলাত।
শনিবার (২২ নভেম্বর) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচারকালে পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পথসভায় তিনি এসব কথা বলেন।
নিজের রাজনৈতিক নিপীড়নের কথা তুলে ধরে বাবর বলেন, শেখ হাসিনা যা চেয়েছিল, আমি তা করিনি। বিভিন্ন সময় মন্ত্রী ও অন্যান্য লোক আমার কাছে গেলেও আমি তাদের কথায় সাড়া দিইনি।
তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কথায় আছে 'রাখে আল্লাহ মারে কে', এখন আল্লাহর রহমতে সবার দোয়া ও ভালোবাসায় আপনাদের কাছে ফিরে এসেছি।তিনি জানান, তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের আদর্শ নিয়ে এসেছেন। তার মূল লক্ষ্যই হলো তার নির্বাচনী এলাকাকে বেকারমুক্ত করে অর্থনীতি সমৃদ্ধ করা।
প্রত্যেকটি যুবককে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করার অঙ্গীকার করেন তিনি।এছাড়াও সমাজ সংস্কারের ওপর জোর দিয়ে তিনি বলেন, সমাজকে গড়তে হলে আগে মাদক ও জুয়ামুক্ত করতে হবে। তিনি তার নির্বাচনী এলাকায় কোনো মাদকাসক্ত বা মাদক কারবারি দেখতে চান না। তিনি উপস্থিত জনতাকে নির্দেশ দেন, কোনো মাদকাসক্ত দেখতে পেলে তাকে পুলিশের কাছে ধরিয়ে দেবেন এবং কেউ তদবির করতে এলে তাকেও আগে ধরবেন, কোনো ছাড় দেবেন না।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন