ডিসেম্বর ১১, ২০২৫, ০৮:৩৩ পিএম
রাজশাহীর তানোরে গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশু সাজিদকে ৩০ ঘণ্টা পরও উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ নামের শিশুটি একটি পরিত্যক্ত গভীর গর্তে পড়ে যায়।
পরে গতকাল বিকেল থেকে শিশুটিকে জীবিত বা মৃত উদ্ধারের জন্য উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দল।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মূল গর্তের পাশ থেকে মাটি কেটে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা চলছে এবং ৪৫ ফুট গভীরে গিয়েও শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যা সাতটায় এই প্রতিবেদন লেখার সময়ও উদ্ধারকাজ চলছিল। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে।
শিশুটিকে না পাওয়া পর্যন্ত এই উদ্ধার কাজ অব্যাহত থাকবে।বৃহস্পতিবার উদ্ধার কার্যক্রম পরিদর্শনে ঢাকা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। পরে সাংবাদিকদের ব্রিফকালে তিনি বলেন, ‘শিশুটিকে না পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস কাজ করে যাবে। প্রয়োজন হলে ১০০ ফুট পর্যন্ত যেতে হবে। এটা করা ছাড়া আর কোনো উপায় নেই।’ তিনি বলেন, এত গভীরে উদ্ধার করার মতো কোনো উন্নত প্রযুক্তি তাৎক্ষণিক নেই।
তাই নিরাপত্তার কথা মাথায় রেখে গর্তের পাশে খনন করে অনুসন্ধান চালানো হচ্ছে। উদ্ধারকাজে যুক্ত ফায়ার সার্ভিসের একটি সূত্র জানিয়েছে, তারা ওই গর্তে সার্চ ভিশন ক্যামেরা নামিয়ে দেখেছেন, তবে ৪৫ ফুটের পর আর ক্যামেরা নামানো যাচ্ছে না। দুপুর আড়াইটার পর থেকে শুরু হওয়া দ্বিতীয় দফার অভিযানে সন্ধ্যা পর্যন্ত আরও অন্তত ১৫ ফুট গভীর এবং প্রশস্ত গর্ত করা হয়েছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রায় ষাট ফুট গর্ত করা হলেও শিশুটির এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি।
উদ্ধারকাজে পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহী ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে পুলিশ ও সেনাবাহিনীও। স্থানীয় লোকজন জানান, রাজশাহীর তানোর উপজেলার পচন্দর ইউনিয়নের এ গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ায় এক বছর আগে ওছির উদ্দিন নামের এক ব্যক্তি তার জমিতে পানির স্তর যাচাই করার জন্য গর্তটি খনন করেছিলেন। পরে গর্তটি ভরাট করা হলেও বর্ষার কারণে মাটি বসে গিয়ে নতুন করে গর্ত সৃষ্টি হয় এবং সেই গর্তেই শিশুটি পড়ে যায়। সাধারণত এ ধরনের গর্তের গভীরতা ১০০ থেকে ১৫০ ফুট পর্যন্ত হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন