ডিসেম্বর ১২, ২০২৫, ১১:১৯ এএম
রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে আজ যেন শোকের বাতাস বইছে। গভীর নলকূপের গর্তে পড়ে মারা যাওয়া দুই বছরের শিশু সাজিদের শেষ বিদায়ে নেমেছিল হাজারো মানুষের ঢল। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নেককিড়ি কবরস্থানের সামনের ফাঁকা মাঠে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হয়।
সাজিদের মর্মান্তিক মৃত্যুতে গ্রামের কাজকর্ম থেমে গেছে, দোকানপাট খোলেনি, সবাই শোকাহত মন নিয়ে এসেছেন সাজিদের বাড়িতে।
মসজিদের মাইকে বারবার ভেসে আসছিল সেই করুণ ঘোষণা—কোয়েলহাট পূর্বপাড়া নিবাসি রাকিব উদ্দীনের দুই বছরের শিশু সন্তান সাজিদ মারা গেছে। জানাজার মাঠে গ্রামের বৃদ্ধ থেকে শুরু করে স্কুলপড়ুয়া ছেলেদের চোখেও ছিল অশ্রু।
সবার কণ্ঠে ফিসফিস— "আল্লাহ, এমন মৃত্যু কেউ না পাক।" সাজিদের ছোট্ট দেহটি যখন সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় আনা হলো, তখন কান্নার রোল পড়ে যায় চারপাশে। সাজিদের মা বারবার ছুটে আসতে চাইছিলেন, তার আহাজারি থামাতে পারছিল না কেউ।জানাজার নামাজের ইমাতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। ইমাম সাহেব জানাজা শেষে যখন তাকবির দিলেন, হাজারো কণ্ঠ দোয়ার ভঙ্গিতে হাত তুলল। সবাই সাজিদের মাগফিরাতের জন্য দোয়া করেন এবং তার পরিবারকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুন, সেই দোয়াও করেছেন সবাই।
জানাজা শেষে সাজিদের ছোট্ট কফিনটা যখন কবরের দিকে নেওয়া হলো, তখন বাতাস যেন থেমে গিয়েছিল, শুধু শোনা যাচ্ছিল কান্নার শব্দ। একটি শিশুর জানাজা—যেখানে অংশ নিয়েছে পুরো গ্রাম, এমন দৃশ্য কেউ কখনও দেখেনি বলে জানান গ্রামবাসী। উল্লেখ্য, গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ৪০ ফুট মাটি খনন করে ৩২ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করে, কিন্তু তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন