ডিসেম্বর ১৩, ২০২৫, ০৯:৫৪ পিএম
পঞ্চগড় জেলাকে বাংলাদেশের এক নম্বর জেলা হিসেবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মডেল নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল দল ও প্রার্থীর সহযোগিতা কামনা করেছেন।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আচরণবিধি প্রতিপালন ও গণভোট আয়োজন সংক্রান্ত ওয়ার্কশপ এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক উপস্থিত নেতৃবৃন্দকে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনে সচেষ্ট থাকার আহ্বান জানান। তিনি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যেন অপতথ্য (Disinformation) না ছড়ায়।
সেজন্য প্রার্থীরা নিজ নিজ দলের কর্মীদের সচেতন করার অনুরোধ করেন।তিনি বলেন, "আচরণবিধি লঙ্ঘনের জন্য কোনো দলের সাথে পক্ষপাতমূলক আচরণ করা হবে না। ইতিমধ্যে প্রতি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"জেলা প্রশাসক আরও বলেন, "৫ই আগস্টের পর সকল দলের প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আমরা বদ্ধ পরিকর। আপনারা আন্তরিক ও ঐক্যবদ্ধ থাকুন, যাতে কোনো দুষ্কৃতিকারী নির্বাচন বাধাগ্রস্ত করতে না পারে।
আমরা প্রশাসনের দিক থেকে শতভাগ নিরপেক্ষতার জায়গা থেকে কঠোর অবস্থানে থাকব—কারো প্রতি কম বা বেশি নয়।"তিনি ঘোষণা করেন যে, প্রতিদ্বন্দ্বী সকল দলের সহযোগিতায় পঞ্চগড় জেলায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে দুই আসনের প্রার্থীদের একই মঞ্চে নিয়ে স্ব স্ব প্রার্থীর ইশতেহার ঘোষণার ব্যবস্থা করা হবে।বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালা ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, বোদা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন খালিদ হোসেন, বোদা থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন