ডিসেম্বর ২৪, ২০২৫, ০৪:১৮ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বক্তা মুফতি আমির হামজা। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি নির্বাচনী পরিবেশ ও সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে কথা বলেন।
নির্বাচনী প্রস্তুতি ও জনসাড়া: নিজের আসনের প্রস্তুতি সম্পর্কে আমির হামজা বলেন, "আমি শুরু থেকেই মাঠে আছি। কুষ্টিয়া সদরের দুটি থানার প্রতিটি মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি।
সাধারণ মানুষের মাঝে যে স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করেছি, তাতে আলহামদুলিল্লাহ, আমরা বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশা রাখছি।"
নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "কুষ্টিয়ার বর্ডার এলাকা দিয়ে অনেক অবৈধ জিনিস ঢুকছে। এ বিষয়ে প্রশাসনকে বারবার অবহিত করা হয়েছে। এগুলো উদ্ধার করা না গেলে নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়বে। প্রশাসন প্রতিশ্রুতি দিলেও এখনো দৃশ্যমান কোনো ফলাফল আমরা পাইনি। আশা করি, নির্বাচন অবাধ করতে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে।
ওসমান হাদি হত্যাকাণ্ড ও চক্রান্ত: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা ওসমান হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে আমির হামজা বলেন, হাদি হত্যাকাণ্ডের পেছনে দেশি-বিদেশি বড় চক্রান্ত জড়িত রয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই।নির্দিষ্ট সময়ে নির্বাচনের দাবি: নির্বাচন পেছানোর গুঞ্জন নিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, একটি মহল চাচ্ছে নির্বাচন পিছিয়ে যাক এবং দেশ অন্যের হাতে চলে যাক। নির্বাচিত সরকার না থাকলে দেশের কী ক্ষতি হয়, তা আমরা আগে দেখেছি। আমরা চাই সুনির্দিষ্ট তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হোক।"
উল্লেখ্য, মুফতি আমির হামজা এই প্রথম সংসদ নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুষ্টিয়া-৩ আসনে তার প্রার্থী হওয়া জেলার নির্বাচনী সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন