সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আটোয়ারীতে ৪ দশক ধরে সরু সড়কে ৩ গ্রামের মানুষ ভোগান্তিতে

আবু সালেহ মো. রায়হান

ডিসেম্বর ২৭, ২০২৫, ১১:৩৬ পিএম

আটোয়ারীতে ৪ দশক ধরে সরু সড়কে ৩ গ্রামের মানুষ ভোগান্তিতে

ছবি-দিনাজপুর টিভি

স্বাধীনতার চার যুগ পেরিয়ে গেলেও ভাগ্যের উন্নয়ন ঘটেনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তিন গ্রামের সহস্রাধিক মানুষের। মাত্র একটি সরু সড়ক সম্প্রসারণ না হওয়ায় দীর্ঘ ৪৮ বছর ধরে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

সড়কটির বেহাল দশায় কৃষি পণ্য পরিবহন থেকে শুরু করে মুমূর্ষু রোগীর চিকিৎসা—সব ক্ষেত্রেই দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।

স্থানীয়দের অভিযোগ, সামান্য এই সরু রাস্তার কারণে গ্রামে কোনো অগ্নিকাণ্ড ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারে না। এমনকি রাস্তার দুরাবস্থার কথা শুনে অনেক সময় গ্রামটির ছেলে-মেয়েদের বিয়ে পর্যন্ত ভেঙে যায়।

বর্ষাকালে হাঁটু সমান কাদা আর পিচ্ছিল পথে শিশুদের স্কুলে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। গর্ভবতী নারীদের হাসপাতালে নিতে পোহাতে হয় অসহনীয় যন্ত্রণা।ভুক্তভোগী গ্রামবাসীরা আক্ষেপ করে বলেন, "ভোটের সময় মেম্বার-চেয়ারম্যানরা রাস্তা বড় করার শত আশ্বাস দিলেও জেতার পর কেউ খবর রাখে না। আমরা কি আধুনিক বাংলাদেশের অংশ নই?

এ বিষয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, তিন গ্রামের মানুষের এই দীর্ঘস্থায়ী কষ্টের কথা তাঁরা অবগত হয়েছেন। দ্রুতই সরজমিনে সড়কটি পরিদর্শন করে জনস্বার্থে সম্প্রসারণ ও সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।আটোরয়ারীর অবহেলিত এই জনপদে উন্নয়নের ছোঁয়া লাগবে এবং মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে—এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী সহস্রাধিক মানুষের।