জানুয়ারি ৪, ২০২৬, ১০:০৫ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসক মো. সাইফুর রহমান যাচাই-বাছাই শেষে তাঁদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে বাবর দম্পতি ছাড়াও মনোনয়নপত্র বৈধ হয়েছে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আল হেলাল তালুকদার এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মুখলেছুর রহমানের।
তবে কমিউনিস্ট পার্টির প্রার্থী জলি তালুকদারের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী চম্পা রানী সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।মনোনয়নপত্র বৈধ হওয়ার পর মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান এক প্রতিক্রিয়ায় বলেন, “হাওরাঞ্চলের জনপ্রিয় নেতা বাবর ভাইয়ের নাম এ অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত সমাদৃত।
দল তাঁর ওপর আস্থা রেখেছে। আমরা বিশ্বাস করি, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন।” বাবর দম্পতির মনোনয়নপত্র বৈধ হওয়ার খবরে নেত্রকোনার হাওরাঞ্চলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন