বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

ফার্মগেটে সড়ক অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ০২:৪৭ পিএম

ফার্মগেটে সড়ক অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের

সহপাঠী সাকিবুল হাসান রানা হত্যার বিচার ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড়ে চলমান সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। রোববার (৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিলে দীর্ঘ ৪ ঘণ্টা পর ওই এলাকায় পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল ১০টার দিকে কয়েক শ শিক্ষার্থী ফার্মগেট মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ব্যস্ততম এই সড়কটি বন্ধ থাকায় কাওরান বাজার, বিজয় সরণি ও খামারবাড়ি সংলগ্ন এলাকাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আকস্মিক এই অবরোধে অফিসগামী সাধারণ মানুষ ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় সকাল থেকেই বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল।গত বছরের ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই সময় গুরুতর আহত হন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। ঘটনার চার দিন পর ১০ ডিসেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে আজ পুনরায় রাজপথে নামেন শিক্ষার্থীরা। পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে তারা আজকের কর্মসূচি স্থগিত করেন।