জানুয়ারি ৬, ২০২৬, ১২:৪৬ পিএম
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীতে ‘মার্চ ফর ইনসাফ’ বা ন্যায়বিচারের পদযাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহবাগের হাদি চত্বর থেকে এই বিশেষ কর্মসূচি শুরু হয়।
পদযাত্রায় ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। প্রায় ১০টি পিক-আপ ভ্যান নিয়ে শুরু হওয়া এই মিছিলে হাদি হত্যার বিচার ও অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়।
স্লোগানের মধ্যে ছিল হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা’ ইত্যাদি।
আয়োজকরা জানান রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জনসচেতনতা সৃষ্টি ও দাবিগুলো জনসম্মুখে তুলে ধরাই তাদের লক্ষ্য।ইনকিলাব মঞ্চের ঘোষিত দাবিগুলো হলো: ১. খুনি ও পরিকল্পনাকারীসহ পুরো হত্যাচক্রের বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। ২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। ৪. সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।ঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘মার্চ ফর ইনসাফ’ শাহবাগ থেকে সায়েন্সল্যাব ও সিটি কলেজ এলাকা অতিক্রম করে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় হয়ে রায়েরবাজার বধ্যভূমি যাবে।
সেখান থেকে মিরপুর-১০ ও উত্তরা হয়ে বসুন্ধরা এবং বাড্ডা দিয়ে রামপুরা ও যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যায় পুনরায় শাহবাগের হাদি চত্বরে এসে শেষ হওয়ার কথা রয়েছে।নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চের আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন