সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

কুমিল্লায় বাসে আগুন, নিহত ৪

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৬, ০৩:০৮ পিএম

কুমিল্লায় বাসে আগুন, নিহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে দুই শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার এবং দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ এম হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দ্রুতগামী একটি বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে মুহূর্তেই মোটরসাইকেলের তেলের ট্যাংক বিস্ফোরিত হয়। সেখান থেকে বাসে আগুন ধরে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর বাসের ভেতর ও মহাসড়ক থেকে এক নারী, এক পুরুষ এবং দুই শিশুর দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, মোটরসাইকেলের জ্বালানির ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হওয়ায় বাসটি দ্রুত পুড়ে যায়। এই দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা বর্তমানে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিতে এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে কাজ করছেন। দুর্ঘটনার কারণে মহাসড়কের ঢাকামুখী লেনে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। দগ্ধ অবস্থায় উদ্ধারকৃতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।