সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ঠাকুরগাঁওয়ে ডিভাইসসহ আটক তিন পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৯, ২০২৬, ০৮:৩৪ পিএম

ঠাকুরগাঁওয়ে ডিভাইসসহ আটক তিন পরীক্ষার্থী

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ইলেকট্রনিক ডিভাইসসহ তিন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে পরীক্ষা চলাকালীন শহরের তিনটি পৃথক কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটককৃত পরীক্ষার্থীরা হলেন— ঠাকুরগাঁও পৌর শহরের মিলননগর এলাকার জ্যোতি রানী দাস, পীরগঞ্জ উপজেলার খটশিংগা গ্রামের রিপা আক্তার এবং বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ভোটপাড়া গ্রামের নরদেব চন্দ্র।

প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে সন্দেহভাজন হিসেবে এই তিন পরীক্ষার্থীর দেহ তল্লাশি করা হয়।

এসময় তাদের কাছ থেকে বিশেষ কৌশলে লুকানো ক্ষুদ্র ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়, যা পরীক্ষার উত্তর পেতে ব্যবহৃত হচ্ছিল।পুলিশ জানিয়েছে, আটককৃতদের বর্তমানে হেফাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। জালিয়াতি মুক্ত ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ কঠোর নজরদারি বজায় রাখছে বলে জানানো হয়েছে।