সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে সেরা বউ-শাশুড়ি যৌথ পরিবারকে সম্মাননা দিল শিশুস্বর্গ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১১, ২০২৬, ১০:১২ পিএম

পঞ্চগড়ে সেরা বউ-শাশুড়ি যৌথ পরিবারকে সম্মাননা দিল শিশুস্বর্গ ফাউন্ডেশন

ছবি-দিনাজপুর টিভি

আধুনিকতার দাপটে যখন ভেঙে যাচ্ছে একান্নবর্তী পরিবার, তখন পঞ্চগড়ে টিকে থাকা যৌথ পরিবার ও সংসারের শান্তি বজায় রাখা আদর্শ ‘বউ-শাশুড়ি’দের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাতে তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিশুস্বর্গ ফাউন্ডেশন’-এর আয়োজনে এই ব্যতিক্রমী সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় আয়োজিত ‘শীত আনন্দ উৎসব’ অনুষ্ঠানে জেলার সাড়ে সাত হাজার শিশুকে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি এই সম্মাননা প্রদান করা হয়।

এ বছর সেরা যৌথ পরিবারের সম্মাননা পেয়েছে পঞ্চগড় শহরের পশ্চিম জালাসী এলাকার ফিরোজা বেগমের পরিবার।

৫ ছেলে, ৫ পুত্রবধূ ও নাতি-নাতনিসহ ১৯ সদস্যের এই পরিবারে এখনও প্রতিদিন এক হাঁড়িতে রান্না হয় এবং পরিবারের সদস্যরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেন। অন্যদিকে, সেরা বউ-শাশুড়ির সম্মাননা পেয়েছেন সুগারমিল এলাকার আলেয়া খাতুন ও তাঁর তিন পুত্রবধূ। শাশুড়ির সাথে পুত্রবধূদের মা-মেয়ের মতো গভীর সম্পর্ক এবং অসুস্থ শ্বশুরের সেবা-যত্নে তাঁদের ঐকান্তিকতা নজর কেড়েছে সংশ্লিষ্টদের।শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ বলেন, আমাদের সমাজে এখন যৌথ পরিবারগুলো হারিয়ে যাচ্ছে। এছাড়া বউ-শাশুড়ির সম্পর্ক নিয়ে শুধু নেতিবাচক আলোচনা শোনা যায়।

আমরা চেয়েছি সমাজে ভালো সম্পর্কের ও টিকে থাকা ঐতিহ্যবাহী পরিবারের একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিতে।সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবীর আহমেদের স্ত্রী নাহিদা আক্তার আকন্দ, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবিব এবং শিশুস্বর্গ ফাউন্ডেশনের সভাপতি মুরাদ হাসান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠনটি ভবিষ্যতে এমন আরও সামাজিক কার্যক্রম অব্যহত রাখার প্রতিশ্রুতি দেয়।