জানুয়ারি ১২, ২০২৬, ০৭:০২ পিএম
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনার পর বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি ককটেল সদৃশ বস্তু এবং বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। সোমবার (১২ জানুয়ারি) বেলা ১২টার দিকে মুলাই ব্যাপারীকান্দি ও চেরাগআলী ব্যাপারীকান্দি গ্রামে পুলিশ।
সেনাবাহিনী, ডগ স্কোয়াড এবং অ্যান্টি টেররিজম ইউনিটের সমন্বয়ে এই সাঁড়াশি অভিযান চালানো হয়।উল্লেখ্য, গত বৃহস্পতিবার ওই এলাকায় ককটেল তৈরির সময় এক বিস্ফোরণে সোহান ও নবীন নামে দুই যুবকের মৃত্যু হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীর সমর্থকরা একটি বসতঘরে ককটেল তৈরি করার সময় এই দুর্ঘটনা ঘটে। এরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার প্রেক্ষিতে জাজিরা থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে ইউপি চেয়ারম্যান ও তার তিন ভাইসহ ৫৩ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছেন।যৌথ বাহিনীর অভিযানে ককটেল ছাড়াও উদ্ধার করা হয়েছে বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র।
জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন। তিনি জানান, সংঘাতপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে এই তল্লাশি চালানো হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন