রবিউল এহ্সান রিপন
জানুয়ারি ২০, ২০২৬, ০৪:৩২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী-হরিপুর) আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মোড় এসেছে। দলীয় শৃঙ্খলা রক্ষায় এই আসন থেকে স্বতন্ত্র (বিদ্রোহী) হিসেবে মনোনয়ন জমা দেওয়া বিএনপি নেতা জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন। রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই তাঁর আবেদন গ্রহণ ও প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে মো. জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা জানান, ব্যক্তিগত ইমেজের চেয়ে দলীয় শৃঙ্খলা ও কৌশলকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। দলের বৃহত্তর স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে এ আসনে বিএনপির মনোনীত একক প্রার্থী ডা. আব্দুস সালামের নির্বাচনী মাঠ আরও সুসংহত হলো বলে মনে করছেন সাধারণ ভোটার ও বিশ্লেষকরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তুলার সরে দাঁড়ানোয় বিএনপির সাংগঠনিক ঐক্য আরও মজবুত হলো, যা ভোটের হিসাবে দলটিকে সুবিধাজনক অবস্থানে রাখবে। জুলফিকার মর্তুজা তুলা মনোনয়ন প্রত্যাহার করায় এই আসনে এখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৭ জনে।