জানুয়ারি ২০, ২০২৬, ০৬:৫৮ পিএম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ বা শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে এবার রাজপথে নেমেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর মহানগর শাখা। আজ মঙ্গলবার দুপুরে টঙ্গী এলাকায় একটি বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে সংগঠনটি। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা অবিলম্বে আদালতের স্থগিতাদেশ কাটিয়ে নির্বাচনের নতুন তারিখ ঘোষণার দাবি জানান।
শাবিপ্রবির এই নির্বাচন নিয়ে দেশজুড়ে চলমান উত্তাপের রেশ এখন ঢাকার প্রবেশদ্বার গাজীপুর পর্যন্ত ছড়িয়ে পড়েছে।প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে টঙ্গীর এশিয়া পাম্প এলাকা থেকে মিছিলটি বের করা হয়।
মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে টঙ্গী সরকারি কলেজ গেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল চলাকালে নেতা-কর্মীরা শাকসু নির্বাচন স্থগিত করার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
তাদের কণ্ঠে শাকসু নির্বাচন স্থগিত কেন জবাব চাই দিতে হবে সহ আরও নানা ধরণের রাজনৈতিক স্লোগান শোনা যায় যা পুরো এলাকায় এক ধরণের উত্তেজনা তৈরি করে।সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিম। তিনি তাঁর বক্তব্যে শাকসু নির্বাচন স্থগিতের তীব্র সমালোচনা করে বলেন জুলাই বিপ্লবের অন্যতম প্রধান দাবি ছিল ছাত্রসংসদ নির্বাচন। অথচ একটি বিশেষ সংগঠন পরিকল্পিতভাবে এই নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে।
তিনি অভিযোগ করেন যে তারা মূলত নির্বাচনে পরাজয়ের ভয়ে এই ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে কারণ ছাত্রসংসদ নির্বাচনের ইতিহাসে তাদের সবসময় ভরাডুবির রেকর্ড রয়েছে। ছাত্রদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার এই চেষ্টা সফল হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।সমাবেশে আরও উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত শাখা ইসলামী ছাত্রশিবিরের অফিস সম্পাদক মঈনুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা স্পষ্টভাবে জানিয়ে দেন যে অবিলম্বে চেম্বার জজ আদালতের মাধ্যমে আইনি জটিলতা নিরসন করে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করতে হবে। যতক্ষণ পর্যন্ত শাকসু নির্বাচনের অধিকার আদায় না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়। সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকার হরণের যেকোনো অপচেষ্টা রুখে দিতে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ রয়েছে বলেও ছাত্রনেতারা দাবি করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন