আবু সালেহ মো রায়হান
জানুয়ারি ২৪, ২০২৬, ০৬:১১ পিএম
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পঞ্চগড়-১ আসনের দুই হেভিওয়েট প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে পৃথক নোটিশে তাদের এই শোকজ করা হয়।
নোটিশপ্রাপ্ত প্রার্থীরা হলেন—১০ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম এবং বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পঞ্চগড়ে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমিরকে স্বাগত জানিয়ে তোরণ নির্মাণ এবং বিধি-বহির্ভূত বিলবোর্ড ও ব্যানার টাঙানোর অভিযোগ আনা হয়েছে প্রার্থী সারজিস আলমের বিরুদ্ধে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এসব প্রচারণা নিষিদ্ধ হওয়ায় তাকে শোকজ করা হয়েছে।
অন্যদিকে, পঞ্চগড়-১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের ধানের শীষ প্রতীকের পোস্টার ও ফেস্টুন শহরের বিভিন্ন বৈদ্যুতিক খুঁটি ও গাছে নিয়মবহির্ভূতভাবে লাগানো হয়েছিল। নির্বাচনী আচরণবিধি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেসব অপসারণ করতে গেলে বিএনপি নেতাকর্মীরা তাতে বাধা প্রদান করেন। সরকারি কাজে বাধা প্রদান ও আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকেও শোকজ করা হয়েছে।

নোটিশে উভয় প্রার্থীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে নির্বাচনী আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।