জানুয়ারি ২৫, ২০২৬, ০৭:৪৩ পিএম
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নির্বাচনি প্রচার ও গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার (২৫ জানুয়ারি) বিকেলে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের মেডিকেল মোড় সংলগ্ন কসাইটারী এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।
এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সংঘর্ষের খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে ১১ দলীয় জোটের কোনো একক প্রার্থী না থাকায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা আনোয়ারুল ইসলাম রাজু ‘দাঁড়িপাল্লা’ প্রতীক এবং বিএনপির হাসান রাজীব প্রধান ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিকেলে ওই এলাকায় দুই প্রার্থীর সমর্থকরা পৃথকভাবে গণসংযোগ ও প্রচারণা চালানোর সময় একে অপরের মুখোমুখি হয়। এ সময় স্লোগান দেওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।ঘটনার বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু জানান, সংঘর্ষের খবর পেয়েছেন তবে ঠিক কী কারণে এবং কতজন আহত হয়েছেন তা এখনও নিশ্চিত হতে পারেননি। অন্যদিকে বিএনপি প্রার্থী হাসান রাজীব প্রধানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ জানিয়েছেন, নির্বাচনি প্রচারের সময় দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনার জেরে এই সংঘর্ষের সূত্রপাত। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। বিষয়টি এখন নির্বাচন আচরণবিধির আওতায় তদন্ত করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন