রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা

আবু সালেহ মো রায়হান 

জানুয়ারি ৩১, ২০২৬, ০৪:৪৮ পিএম

পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক কর্মশালা

ছবি-দিনাজপুর টিভি

সাংবাদিকতায় ভাষার সঠিক প্রয়োগ, নান্দনিকতা এবং আধুনিক রিপোর্টিং কৌশল সম্পর্কে ধারণা দিতে পঞ্চগড়ে দিনব্যাপী এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে ‘সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়।

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি সাইদুজ্জামান রেজা ও সাংগঠনিক সম্পাদক ইনসান সাগরেদ।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারের সঞ্চালনায় কর্মশালায় বিভিন্ন সেশনে প্রশিক্ষণ প্রদান করেন অভিজ্ঞ সংবাদকর্মীরা। প্রশিক্ষণ প্রদান করেন এ রহমান মুকুল (চ্যানেল আই/জনকণ্ঠ), হোসেন রায়হান (চ্যানেল ২৪), এস এ মাহমুদ সেলিম (যুগান্তর), সামসউদ্দীন চৌধুরী কালাম (করতোয়া), সফিকুল আলম (ইন্ডিপেন্ডেন্ট টিভি/সমকাল), লুৎফর রহমান (এখন টিভি/কালের কণ্ঠ) এবং রাজিউর রহমান রাজু (প্রথম আলো)।

দিনব্যাপী এই কর্মশালায় সংবাদের সাংগঠনিক কাঠামো, ভিডিও সাংবাদিকতা, ছবির ফ্রেমিং, টেলিভিশন সাংবাদিকতার বৈশিষ্ট্য, কৃষি ও প্রকৃতি বিষয়ক রিপোর্টিং এবং সংবাদে উপমা ও ভাষার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। পঞ্চগড় প্রেসক্লাবের সকল সদস্য এই প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, আধুনিক সাংবাদিকতায় টিকে থাকতে হলে নিয়মিত দক্ষতা বৃদ্ধি ও ভাষার শুদ্ধ প্রয়োগের কোনো বিকল্প নেই।