রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সাথে থাকলে সঙ্গী, পাশে না থাকলে জঙ্গি— রাশেদ প্রধান

রবিউল এহ্সান রিপন

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১১:১০ পিএম

সাথে থাকলে সঙ্গী, পাশে না থাকলে জঙ্গি— রাশেদ প্রধান

ছবি-দিনাজপুর টিভি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক কিছু বক্তব্যের কড়া সমালোচনা করে জাতীয় গণতান্ত্রিক দলের (জাগপা) মুখপাত্র ও ১১ দলীয় জোটের নেতা রাশেদ প্রধান বলেছেন, সাথ থাকলে সঙ্গী, আর পাশে না থাকলে জঙ্গি—এটাই কি আপনাদের রাজনীতির নীতি?মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের ১১ দলীয় জোটের উদ্যোগে গড়েয়া বাজারে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, বিএনপি ও জামায়াত যখন ঐক্যবদ্ধ ছিল, তখন মির্জা ফখরুল সাহেব বারবার বলেছেন জামায়াত নেতাদের বিরুদ্ধে অন্যায়ভাবে বিচার করা হচ্ছে। অথচ এখন তিনি বলছেন জামায়াত ক্ষমতায় এলে দেশ আফগানিস্তান বা পাকিস্তান হয়ে যাবে। বর্ষীয়ান এই নেতা বয়সের কারণে হয়তো অনেক সময় বুঝে উঠতে পারেন না কী বলছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ কোনো দেশেই পালিয়ে যেতে চায় না এবং অন্য কোনো দেশের মডেল অনুসরণ করতে চায় না। জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষ একটি স্বাধীন ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে চায়। মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “কার বিষয়ে কী বলছেন, তা আল্লাহর ওয়াস্তে বুঝে বলুন।”

রাশেদ প্রধান ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেনের ত্যাগ ও কারাবরণের কথা উল্লেখ করে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “দেলোয়ার হোসেন দীর্ঘ সময় জেল-জুলুম সহ্য করেছেন। তাকে বিজয়ী করে আমরা আগামী দিনের প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমানকে উপহার দিতে চাই।”সভায় ১১ দলীয় জোট ও জামায়াতের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।